করোনায় আক্রান্ত মায়ের মৃত্যু পর্যন্ত হাসপাতালের জানালায় ছেলে!‌

আপডেট : ২১ জুলাই ২০২০, ০৫:০৩ পিএম

করোনা আক্রান্তদের থেকে যেখানে স্বজনেরা দূরে সরে যাচ্ছে, সেখানে এক ফিলিস্তিনি ছেলের মাতৃভক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

নিউজ এইটিন জানায়, করোনা আক্রান্ত মায়ের মৃত্যু পর্যন্ত হাসপাতালের জানালায় বসে ছিলেন ছেলে। ফিলিস্তিনে এই ঘটনা ঘটে।

জানালায় বসে থাকা ছেলের ছবি টুইটারে ভাইরাল হয়েছে। জানা গেছে তার নাম জিহাদ আল সুয়াইতি।

তার মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সরকারি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি মাকে দেখতে যাওয়ার অনুমতি স্বাভাবিকভাবেই পায়নি ছেলে। 

তাই ৩০ বছর বয়সী এই তরুণ অপেক্ষা করেছেন জানলার পাশে বসে। শেষ সময়ে মায়ের কাছ থেকে সরে যেতে চাননি তিনি। জানলা দিয়েই তিনি দেখেছেন, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন তার মা। 

যতদিন মা হাসপাতালে ভর্তি ছিলেন, ততদিন রোজ রাতে ওই জানলার ধারে বসে থাকতেন জিহাদ। 

করোনা আক্রান্ত এই মায়ের আগে থেকেই ছিল লিউকোমিয়া। পাঁচদিন তাকে ভর্তি থাকতে হয়েছিল হাসপাতালে।

জিহাদ পরে এক প্রতিক্রিয়া বলেন, আমার অসহায় লাগতো। তাই হাসপাতালের জানলার ধারে বসে থাকতাম মাকে দেখতে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত