ঝালকাঠিতে রাজাপুর মডেল পাইলট উচ্চ বালক বিদ্যালয়ে দখল হওয়া সম্পত্তি উদ্ধারের দাবিতে মৌন মিছিল করেছে আন্দোলনকারী বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।
বুধবার বেলা এগারটার দিকে বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদী এ মৌন মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিবাদী এ মৌন মিছিলে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছাড়াও স্থানীয় কয়েকশত মানুষ মুখে কালো কাপড় বেঁধে মিছিলে অংশ নেয়।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের নয় একর সম্পত্তি থাকা সত্যেও প্যারেড গ্রাউন্ডের জন্য নির্দিষ্ট থাকা বিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ৬৭ শতাংশ জমিতে পাঁচটি বহুতল ভবন নির্মাণ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এই বিপুল সম্পত্তির ওপর লোলুপ দৃষ্টি পড়ে স্থানীয় প্রভাবশালী একটি মহলের। তারা সম্পত্তি আত্মসাৎ করতেই বিদ্যালয় ক্যাম্পাসকে সংকুচিত করে একটি কংক্রিটের জঙ্গলে পরিণত করেছে।
বর্তমানে বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থীর প্যারেড করার জায়গাটুকুও নেই।
বিদ্যালয়ের সম্পত্তি বিভিন্ন সময় বেআইনিভাবে ইজারা দিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আঁতাত করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে প্রভাবশালী ওই মহলটি।
তাই গত দুই মাস ধরে বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি উদ্ধারের জন্য আন্দোলন চলমান রেখেছে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।
এর আগেও বিদ্যালয়ের সম্পত্তি উদ্ধার ও অবৈধ ইজারা বাতিলের জন্য মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচিসহ নানা কর্মসূচি পালন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আলম নান্নু ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাজনীন পাখি।
বক্তারা বলেন, আমরা সবাই আন্দোলন করছি, বিদ্যালয়ের বেহাত হওয়া সম্পত্তি উদ্ধার করে বিদ্যালয়কে দিতে। বিদ্যালয়ের এক ইঞ্চি জমিও বেদখলে থাকা চলবে না। প্রয়োজনে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটি বাঁচাতে আমরা প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত যাব।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান বলেন, বিদ্যালয়ের সম্পত্তি ইজারা দেওয়ার কোনো বিধান নেই। বিভিন্ন সময় অবৈধভাবে ইজারা দেওয়া ও দখল হওয়া বিদ্যালয়ের সম্পত্তি আইনি প্রক্রিয়ার মাধ্যমে উদ্ধার করা হবে।
