প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গতকাল দুপুর ১টায় দুই দেশের প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট আলাপ করেন।
ইহসানুল করিম জানান, স্বাভাবিক সম্ভাষণ বিনিময়ের পর ইমরান খান প্রধানমন্ত্রীর কাছে করোনা মোকাবিলাবিষয়ক কার্যক্রম ও উদ্যোগ নিয়ে আলাপ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জবাবে চিকিৎসাবিষয়ক সব উদ্যোগ তুলে ধরেন। বাংলাদেশ সরকার করোনা মোকাবিলায় যেসব পরিকল্পনা করেছে এবং যেসব কার্যক্রম চলছে, সেগুলো বিস্তারিত উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া বন্যা পরিস্থিতি নিয়েও দুই দেশের প্রধানমন্ত্রীরা আলাপ করেন। ইমরান খান নিজে থেকেই বন্যা ও এর মোকাবিলায় বাংলাদেশের প্রস্তুতি ও উদ্যোগ প্রসঙ্গে জানতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে চলমান বন্যার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
