এবার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রণোদনা পাচ্ছেন মাদ্রাসা ও কারিগরির শিক্ষক-কর্মচারীরা। প্রায় ৬২ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য প্রণোদনার অর্থ বরাদ্দ রাখা হয়েছে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা। গতকাল বুধবার কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব আমিন ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
আমিন ইসলাম বলেন, বিভিন্ন নন-এমপিও কারিগরি ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ শিক্ষক ও ১০ হাজার ২০৪ কর্মচারীকে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা দেওয়া হবে। শিক্ষকরা জনপ্রতি পাঁচ হাজার ও কর্মচারীরা জনপ্রতি আড়াই হাজার টাকা করে অনুদান পাবেন। এর আগে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীকে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়াও ১৩ হাজার ৯২৯টি কওমি মাদ্রাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা প্রণোদনা দেওয়া হয়।
