ঝালকাঠির রাজাপুর উপজেলার মডেল পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের দখল হওয়া সম্পত্তি উদ্ধারের দাবিতে মৌন মিছিল করেছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছাড়াও স্থানীয় কয়েকশ মানুষ মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী এ মৌন মিছিলে অংশ নেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ৯ একর সম্পত্তি থাকা সত্ত্বেও প্যারেডের জন্য নির্ধারিত বিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ৬৭ শতাংশ জমিতে পাঁচটি বহুতল ভবন নির্মাণ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়েছে। তারা বিদ্যালয়ের বেদখল হওয়া ৩ একর ২৬ শতাংশ জমি উদ্ধারের দাবি জানান।
এ সময় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সঞ্জিব কুমার বিশ্বাস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ আলম নান্নু ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি নাজনীন পাখি।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরউজ্জামান বলেন, বিদ্যালয়ের সম্পত্তি ইজারা দেওয়ার কোনো বিধান নেই।
