ভারতীয় ক্রিকেটের বিতর্কিত অধ্যায় হয়ে আছে কোচ গ্রেগ চ্যাপেলের সময়কাল। সম্প্রতি যা নিয়ে মুখ খুলেছেন দেশটির সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
গ্রেগ চ্যাপেল কোচ হওয়ার পর ২০০৫ সালে দল থেকে বাদ পড়তে হয়েছিল সৌরভকে। প্রথমে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া, এরপর দল থেকেই বাদ! সৌরভকে সরিয়ে অধিনায়ক করা হয়েছিল রাহুল দ্রাবিড়কে।
সৌরভসহ একাধিক সাবেক ভারতীয় ক্রিকেটের গ্রেগ চ্যাপেল সময়কাল নিয়ে মুখ খুলেছেন। যারা সরাসরি প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ান গ্রেগ চ্যাপেলকে।
২০০৫ সালে জিম্বাবুয়ে সফরের পরই অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সৌরভকে। তবে ক্যারিয়ারের কঠিন সময়ে আত্মবিশ্বাস হারাননি সৌরভ। বরং নিজের উপর আস্থা রেখেছেন।
এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘আমি কখনই আত্মবিশ্বাস হারাইনি। জানতাম সুযোগ পেলেই রান পাব।’
‘আমার কোচ (গ্রেগ চ্যাপেল) ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতারদের বিপক্ষে বাইশ গজে খেলেনি। কিন্তু আমি খেলেছি। রানও পেয়েছি। ১০ বছর ধরে সাফল্যের সঙ্গে যদি খেলে যেতে পারি। জানতাম সুযোগ পেলে আবার রান পাব।’
এভাবেই নিজেকে সে সময় উজ্জীবিত করতেন সৌরভ, ‘দল থেকে বাদ পড়ার পর হতাশা এসেছিল। কিন্তু আত্মবিশ্বাস হারাইনি। এক সেকেন্ডের জন্যও নয়।’
পরে অবশ্য ঠিকই ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছিল সৌরভের। ২০০৭ বিশ্বকাপেও খেলেছিলেন। কিন্তু গ্রুপ পর্ব থেকে ভারতকে ছিটকে যেতে হয়। যে ব্যর্থতায় কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয় চ্যাপেলকে।
