ক্রীড়াঙ্গনে ১০ কোটি টাকার অনুদান প্রধানমন্ত্রীর

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৭:১৮ এএম

ক্রীড়াবিদ, কোচ, সংগঠকদের জন্য ‘বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে’ ১০ কোটি টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুস্থ ক্রীড়াবিদ, কোচ, সংগঠকদের সাহায্যার্থে প্রতিষ্ঠা করেছিলেন। বিভিন্ন সময়ে এই ফাউন্ডেশনকে অর্থ বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এবার করোনার এই বৈরী পরিস্থিতিতে ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, যা একটি স্থায়ী সঞ্চয় প্রকল্প করা হবে। এর লভ্যাংশ দুস্থদের জন্য ব্যয় করা হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘দুদিন আগে প্রধানমন্ত্রী তার ত্রাণ এবং কল্যাণ তহবিল থেকে ক্রীড়াবিদ, কোচ ও সংগঠকদের কল্যাণে ১০ কোটি টাকা মঞ্জুর করেছেন। এই টাকা এফডিআর করে রাখা হবে, যার লভ্যাংশ করোনাকালে এবং অন্যান্য সময়ে ক্রীড়ার সঙ্গে যুক্ত দুস্থ ব্যক্তিদের সহায়তায় ব্যয় করা হবে। ক্রীড়া মন্ত্রণালয়কে একের পর এক বরাদ্দ ক্রীড়াঙ্গনের সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

দেশে করোনা বিস্তারের পর থেকে দু’দফায় সমস্যাগ্রস্ত ক্রীড়াবিদ, কোচ, সংগঠকদের অর্থ সহায়তা দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। সর্বশেষ সরকারের কাছ থেকে ৩ কোটি টাকার বিশেষ বরাদ্দ জেলায় জেলায় দুস্থদের মধ্যে বণ্টন করেছে তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত