লিগের পর কাপ। ডাবল হলো পিএসজির। চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবলের হাতছানি নেইমার-এমবাপেদের সামনে। ইউরোপের শীর্ষ ৫ দেশের মধ্যে এই সম্ভাবনা আছে কেবল জার্মানির বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ১২ আগস্ট আতালান্তার সঙ্গে খেলতে হবে পিএসজিকে। কিন্তু সেই ম্যাচে কি খেলতে পারবেন কিলিয়ান এমবাপে? এই শঙ্কা দেখা দিয়েছে শুক্রবার নিজেদের মাঠে ফ্রেঞ্চ কাপ ফাইনালের সময় বাজে ট্যাকেলে এমবাপে গোড়ালির ইনজুরিতে পড়ায়। ফ্রান্সের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগরকে ম্যাচশেষে ক্র্যাচে ভর করে মাঠ ছাড়তে দেখা গেছে।
স্টাদ দ ফ্রান্সের এই ফাইনাল দিয়ে ৪ মাস পর প্রতিযোগিতামূলক ফুটবল ফিরল ফ্রান্সে। করোনাভাইরাসের কারণে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করে ফ্রেঞ্চ লিগ আগেই শেষ ঘোষণা করা হয়। ৯ম লিগ শিরোপাজয়ী পিএসজি এবার মৌসুমে ৪ শিরোপার পেছনে ছুটছে। নেইমারের একমাত্র গোলে সেন্ত এতিয়েনকে হারিয়ে শিরোপা নাম্বার টু নিশ্চিত করল তারা। ৩১ জুলাই লিগ কাপ ফাইনাল খেলবে লিওঁ’র সঙ্গে। বাকি থাকবে চ্যাম্পিয়ন্স লিগ।
এতিয়েনের বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে দলটির অধিনায়ক লইক পেরিনের বাজে ট্যাকেলে গোড়ালিতে চোট পান এমবাপে। পেরিনকে দেখানো হয় লাল কার্ড। পরে অনেকক্ষণ চেষ্টা করেও না পেরে অশ্রুজলে মাঠ ত্যাগ করেন ফরাসি স্ট্রাইকার। দলের অন্যতম সেরা স্ট্রাইকার ইনজুরিতে পড়ায় চিন্তিত কোচ টমাস টুসেল জানান, ‘আমরা সবাই চিন্তিত। যেভাবে ফাউলটা হয়েছে তা দেখে আমরা কেন যে কেউ চিন্তিত হবে। তবে ওর ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। রাতেই ওকে টেস্ট করাতে হবে, রিপোর্ট দেখার পর বুঝব কী অবস্থা। এটা বাজে খেলা। আমাদের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচে এতিয়েনের তিনজন লাল কার্ড দেখল। এগুলো আমাদের কারও জন্যই ভালো খবর না।’
