ক্যারিবীয় বংশোদ্ভূত ইংলিশ পেসার জোফরা আর্চারের মধ্যে গ্রেট পেসার হওয়ার সম্ভাবনা দেখছেন মাইকেল হোল্ডিং। তাই তাকে ক্রিকেটের বাইরের বিষয়গুলো নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিলেন উইন্ডিজের কিংবদন্তি পেসার মাইকেল হোল্ডিং। আইসোলেশনে থাকাকালীন বর্ণবাদমূলক মন্তব্য শুনে মনোক্ষুণœ হয়েছেন আর্চার। ক্রিকেটে মনোনিবেশ করতে কষ্ট হচ্ছে বলে জানান। হোল্ডিংয়ের কাছে বিষয়টি একদমই সাময়িক মনে হয়েছে। তিনি মনে করেন খুব দ্রুত ব্যাপারটি ভুলে যাবেন আর্চার।
স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে মাইকেল হোল্ডিং বলেন, ‘সত্যি বলতে আর্চারের জন্য এ ব্যাপারটি ভুলে যাওয়া কঠিন কিছু নয়। যে পরিবেশে সে আছে তা ওকে সাহায্য করবে। (উইন্ডিজের বিপক্ষে) মাত্রই টেস্ট জিতেছে ইংল্যান্ড। এছাড়া বেন স্টোকসকে পাশে পাচ্ছে আর্চার। স্টোকস নিজেই শক্ত মানসিকতার এবং ইতিবাচক মানুষ। তাই আমি বলব আর্চারের উচিত নিজেকে ক্রিকেটের মধ্যে আবদ্ধ রাখা। বাইরের বিষয়গুলো ভুলে থাকলে অবশ্যই সে গ্রেট পেসার হওয়ার যোগ্য।’
