সরকারি কাজে বাধার অভিযোগ

বড়পুকুরিয়া কয়লাখনির ৫ শ্রমিকনেতা গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৮:২৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বড়পুকুরিয়া কয়লাখনির পাঁচ শ্রমিক নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তারা হলেন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, দপ্তর সম্পাদক এরশাদ আলী, জাতীয় শ্রমিক লীগ বড়পুকুরিয়া শাখার সহ-সভাপতি মাহবুবুর রহমান ও এ সংগঠনের সদস্য বেলাল হোসেন।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ খনি গেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে।

খনির একাধিক সূত্র জানায়, গত ১৩ জুলাই ভবানীপুর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে খনি কর্তৃপক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিক নেতাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে নেওয়া সিদ্ধান্ত না মেনে শ্রমিক নেতারা প্রতিবন্ধকতার সৃষ্টি করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেছুর রহমান গতকাল শনিবার সন্ধ্যে ৬টায় এ প্রতিনিধিকে বলেন, সরকারি কাজে বাধা প্রদান, রাস্তা অবরোধ এবং ভাঙচুরের অভিযোগে তাদের আটক করা হয়। তিনি বলেন, তাদের বিরুদ্ধে এর আগে করা ৫টি মামলা রয়েছে এ থানায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত