হিলি স্থলবন্দরের রেলপথ দিয়ে আরও ১৬’শ টন পেঁয়াজ আমদানি

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৩:৫০ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সড়কপথের পাশাপাশি রেলপথ দিয়ে পঞ্চম দফায় আরও ১৬’শ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে। আমদানিকৃত এসব পেঁয়াজ ২১ থেকে ২২ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

রবিবার সকাল ৬টায় হিলি স্থলবন্দরের আমদানিকারক মেসার্স রাইয়ান ট্রেডার্সের আমদানিকৃত ১৬শ টন পেঁয়াজ নিয়ে ভারতের নাসিক থেকে মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে পৌঁছে।

এর আগে আরও চার দফায় রেলপথ দিয়ে সাড়ে ৬ হাজার টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মেসার্স রাইয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম বলেন, আর কয়েকদিন পরেই মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে দেশে পেঁয়াজের বেশ চাহিদা বেড়ে যায়। এছাড়াও ঈদ উপলক্ষে টানা ৬দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। যার কারণে বাড়তি চাহিদা পূরণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সড়ক পথের পাশাপাশি রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এতে করে সামনের দিনে পেঁয়াজের বাজার স্বাভাবিক থাকবে বলেও তিনি জানিয়েছেন।

হিলি রেলওয়ে স্টেশনের মাস্টার তপন কুমার চক্রবর্তী বলেন, আজ সকালে আমদানিকৃত পেঁয়াজ নিয়ে ভারতীয় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে আসে।

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলপথ দিয়ে ৪২টি বগি নিয়ে দেশে প্রবেশ করলেও ১০টি বগি ঈশ্বরদিতে রেখে ৩০টি বগি নিয়ে ট্রেনটি হিলি স্টেশনে আসে। ট্রেন থেকে পেঁয়াজ খালাস কার্যক্রম চলছে, এসব খালাস শেষ হলে রাতে আবারও ইঞ্জিনটি দিয়ে বাঁকি ১০টি বগি নিয়ে কাল সকালে আসবে।

এসব খালাস কার্যক্রম শেষ হলে মালবাহী ট্রেনটি দর্শনা হয়ে পুনরায় ভারতে প্রবেশ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত