আইসিসি নাকি বিসিসিআই? দ্বিধায় পড়ে থাকতে পারেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। চাইলে যে কোনো একটি বেছে নিতে পারেন তিনি। কিন্তু ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সুনিল গাভাস্কার তাকে বিসিসিআই পদেই দেখতে চান। অন্য দিকে দক্ষিণ এশিয়ার আরেক ব্যাটিং কিংবদন্তি কুমার সাঙ্গাকারা মনে করেন, সৌরভের উচিত আইসিসির সর্বোচ্চ পদ অলংকৃত করা।
মুম্বাই থেকে প্রকাশিত মিড ডে’তে লেখা এক পাক্ষিক কলামে গাভাস্কার বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন প্রশাসনের দায়িত্ব পালন করা উচিত। এর আগেও বিপদগ্রস্ত সময়ে সৌরভ ভারতীয় দলকে টেনে নিয়েছেন। আমার বিশ্বাস প্রশাসকের ভূমিকায়ও তিনি এবং তার দল একই কাজ করতে সক্ষম।’
অন্যদিকে সাঙ্গাকারা ক্রিকেটের আরও বৃহত্তর স্বার্থে সৌরভকে চান আইসিসি প্রধানের চেয়ারে। ‘আমি মনে করি সৌরভ পরিবর্তন আনতে পারেন। আমি দাদার একজন বড় ভক্ত তার ক্রিকেটার সত্তার জন্য নয়; বরং তার কর্মচঞ্চল মস্তিষ্কের জন্য। তার মন-মানসিকতা আন্তর্জাতিক মানের। আমার মনে হয়, ক্রিকেটের আরও উন্নতির জন্য এ রকম মানসিকতা প্রয়োজন। আমি কোন দেশ থেকে এসেছি ভারত নাকি শ্রীলঙ্কা, নাকি অন্য কোনো দেশ; তার চেয়েও বড় হলো সব ক্রিকেটখেলুড়ে দেশের জন্য চিন্তা করা। আমার বিশ্বাস সৌরভের তা আছে।’
