চন্দনাইশে সংবাদ সম্মেলনে পরিবারের অভিযোগ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধের’ নামে দুই ভাইকে হত্যা করা হয়েছে

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৮:১০ এএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ফকিরপাড়ার দুই ভাইকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে পরিবার। এই নিয়ে বিচার দাবিতে শনিবার সন্ধ্যায় চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলন করে পরিবারটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত দুই ভাইয়ের বোন আয়রিন আকতার। এ সময় তাদের বাবা আমিনুল হক, মা আনোয়ারা বেগম, বোন রিনাত সুলতানা, ফারুকের স্ত্রী মুক্তা আকতার, মেয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান আইভি উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, কাঞ্চননগর ফকিরপাড়ার আমিনুল হকের দুই ছেলে আমানুল হক ফারুক (৩৬) ও আজাদুল হক আজাদকে (২৫) ১৬ জুলাই রাতে টেকনাফ থানার পুলিশ ইয়াবা উদ্ধার অভিযানের কথা বলে নির্মমভাবে হত্যা করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধারের গল্প সম্পূর্ণ মিথ্যা। ফারুকের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। আজাদ বিদেশে ছিল ছয় বছর। গত রমজানে বাড়ি আসে। দুই ভাই দুই বোনের মধ্যে দুই ভাইকে ক্রসফায়ারে হত্যা করায় বাবা-মা এখন শোকে কাতর।

আয়রিন বলেন, ভাইদের বিরুদ্ধে চন্দনাইশ ও টেকনাফ থানায় কোনো ধরনের মামলা ছিল না। ১৪ জুলাই মামলা সাজিয়ে ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে। এর আগে আজাদকে টেলিফোনে তার এক বন্ধু ডেকে নিয়ে যায়। পরদিন অপর ভাই ফারুককে পুলিশ থানায় নিয়ে যায়। বাবা আমিনুল হক জানান, তার ছেলেরা কোনো দিন অস্ত্র ছুঁয়ে দেখেনি। শত্রুপক্ষ তাদের ফাঁসিয়েছে।

চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্ত্তী ফারুককে আটক করে আনার কথা অস্বীকার করে বলেন, এ দুজনকে চন্দনাইশ থানার পুলিশ গ্রেপ্তার বা আটক করেনি। চন্দনাইশে টেকনাফ থানার পুলিশ এসে ধরে নিয়ে গেছে কি না, তা তিনি জানেন না বলে জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত