‘বিবেকের তাড়নায় বা সৎ সঙ্গে এসে অনেকে ভালোও হয়ে যায়’

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০৯:০১ এএম

বিবেকের তাড়নায় কিংবা সৎ সঙ্গে এসে অনেকে ভালোও হয়ে যায়— এ কথা হানিফ সংকেতের। বলছিলেন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত নাটক নিয়ে।

বছরের দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন হানিফ সংকেত। এবারের নাটকটির নাম ‘মনের মতি-মনের গতি’।

বরাবরই হানিফ সংকেতের নাটকে থাকে সামাজিক বক্তব্য। এবারও অন্যথা হয়নি। করোনাকালে এক শ্রেণির সুযোগসন্ধানী মানুষের দুর্নীতি এবং তাদের কারণে সাধারণ মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেছেন তিনি।

হানিফ সংকেত বলেন, “আমাদের সমাজে এক শ্রেণির মানুষ রয়েছে, যারা অন্যের দুঃসময়কে পুঁজি করে নিজের লাভ খোঁজে। তাদের মতিগতি বোঝা কঠিন। তবে বিবেকের তাড়নায় কিংবা সৎসঙ্গে এসে অনেকে ভালোও হয়ে যায়। করোনার এই দুর্যোগের সময়ে দুই পরিবারের মাধ্যমে মানুষের মনের বিচিত্র মতিগতি তুলে ধরা হয়েছে।”

পুরো নাটকের দৃশ্য ধারণ করা হয় সাভারে ফাগুন অডিও ভিশনের শুটিং স্পটে। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, তারিন, মীর সাব্বির, নাদিয়া, সাঈদ বাবু প্রমুখ।

নাটকের সূচনা সংগীতের সুর করেছেন হানিফ সংকেত। কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, নিজের সংগীতায়োজনে কণ্ঠ দিয়েছেন কিশোর দাশ। আবহ সংগীত করেছেন ফরিদ আহমেদ।

ঈদের দিন রাত ৮টা ২০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘মনের মতি-মনের গতি’।

সাধারণত ঈদুল আজহায় ‘ইত্যাদি’ প্রচার হয় না। কিন্তু চলতি মাস ৩১ দিন হওয়ায় নিয়মিত অনুষ্ঠানের শিডিউল পড়ে গেছে। তবে ঈদুল ফিতরের মতো এবারও প্রচার হবে সংকলিত পর্ব। শুধু এন্ড্রু কিশোর স্মরণে বিশেষ একটা পর্ব শুটিং করে জুড়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় প্রচার হবে বিটিভিতে। এছাড়া এটিএন বাংলায় প্রচার হবে 'পাঁচফোড়ন'-এর নতুন পর্ব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত