আনোয়ারায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৭ জুলাই ২০২০, ১১:২৭ এএম

চট্টগ্রামের আনোয়ারায় একটি শ্রমিকবাহী বাসের ধাক্কায় পারভেজ উদ্দিন শাহ্ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের ছোট ভাই রায়হান উদ্দিন শাহ্ (১৮)।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কোরিয়ান ইপিজেডের ১১ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভেজ উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের মো. আনোয়ার শাহের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পারভেজ তার ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে কর্ণফুলী স্যু ইন্ডাস্ট্রিজের (কেএসআই) কারখানায় ঢুকছিলেন।

এ সময় কারখানায় শ্রমিক নামিয়ে একটি বাস দ্রুতগতিতে গেট দিয়ে বের হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুই আরোহী ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল আরোহী পারভেজ ও তার ছোট ভাই গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পারভেজ উদ্দিন শাহকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল-১ এর জেলা পুলিশের প্রতিনিধি এএসআই আলাউদ্দিন তালুকদার।

কোরিয়ান ইপিজেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মুশফিকুর রহমান বলেন, কেইপিজেডের কারখানাগুলোতে প্রায় ২৫ হাজার শ্রমিক কাজ করেন। শ্রমিকবাহী বাসগুলো কারখানার ভেতরে প্রবেশ-বের হ্ওয়ার সময় বেপরোয়া গতিতে চালানোর ফলে দিন দিন দুর্ঘটনা বাড়ছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইসমাঈল হোসেন বলেন, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত