মা-বাবার কাছ থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট : ২৮ জুলাই ২০২০, ০৫:৫৮ এএম

কুড়িগ্রামের রাজারহাটে ডাকাতি শেষে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে তার মা-বাবার সামনে থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত রবিবার মধ্যরাতে উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর গ্রামে এ ঘটনা ঘটে। এ কাজে বাধা দেওয়ায় ওই স্কুলছাত্রীর বাবাকে মারধর ও কুপিয়ে রক্তাক্তও করেছে ডাকাতরা।

স্থানীয়রা জানান, রবিবার মধ্যরাতে মুষলধারে বৃষ্টি হওয়ায় গ্রামে বিদ্যুৎ ছিল না। এ সময় ঘরের দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মুখোশ পরিহিত তিন যুবক। কিছু বুঝে ওঠার আগেই কিশোরীর বাবাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও পিটিয়ে গুরুতর জখম করে ওই তিনজন। এক পর্যায়ে কিশোরীর মা এগিয়ে এলে তাকেও মারপিট করে খাটের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় আলমারি খুলে নগদ দুই লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় দুর্বৃত্তরা। এরপর পাশের কক্ষের দরজা ভেঙে ওই কিশোরীকে তুলে নিয়ে যায় তারা। পরে পাশের একটি ইউকেলিপটাস বাগানে নিয়ে তাকে দল বেঁধে ধর্ষণের পর সেখানে ফেলে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে ধর্ষণের শিকার ওই কিশোরী ও তার বাবাকে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজারহাট থানার ওসি রাজু সরকার জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে দশম শ্রেণির এক স্কুলছাত্রী দল বেঁধে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার হরিরামপুর এলাকার ওই ঘটনায় গতকাল সোমবার ভোরে স্থানীয় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে যুবকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

গোবিন্দগঞ্জ থানার এসআই মো. মামুনুর রশীদ জানান, রবিবার মধ্যরাতে প্রেমিক উপজেলার শিবপুর এলাকার শিমুল ইসলামের সঙ্গে পালাচ্ছিল একই উপজেলার মহিমাগঞ্জ এলাকার ওই স্কুলছাত্রী। পথে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় হরিরামপুর নাওভাংগা গ্রামে পৌঁছালে তাদের গতিরোধ করে ওই গ্রামের এনামুল হক (৩০), মো. রেজাউল (৩২), মো. ধলু (২৭), সুমন মিয়া (২৩) ও সুজন কাজী (২৮)। এরপর ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে পালাক্রমে দল বেঁধে ধর্ষণ করে ওই পাঁচজন। পরে কৌশলে ছাড়া পেয়ে প্রেমিক শিমুলসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা করে ওই স্কুলছাত্রী। সোমবার ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা।

এদিকে লালমনিরহাটের ঘটনায় মামলার এজাহারে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছর ধরে স্কুলছাত্রীটিকে ধর্ষণ করে আসছে প্রতিবেশী এক সন্তানের জনক ওয়াজেদ আলী (৩২)। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গত রবিবার থানায় একটি মামলা করেন। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, অভিযুক্ত ওয়াজেদ আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত