বাড়িওয়ালার ওপর বিরক্ত হয়ে বাকি জীবন কাটিয়ে দেবেন নিজের গাড়িতে! যেখানে নিত্য প্রয়োজনীয় সব জিনিষ তোলা থাকবে। নাটকের এমন গল্পে অভিনয় করেছেন আফরান নিশো, সঙ্গে আছেন মেহজাবীন চৌধুরী।
সিএমভি’র প্রযোজনায় নিজের গল্পে ‘একাই ১০০’ শিরোনামের নাটকটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান, শুটিং শেষ হয়েছে চলতি সপ্তাহে।
এ প্রসঙ্গে আরিয়ান বলেন, “শহরে ভাড়াটিয়া বনাম বাড়িওয়ালার মধ্যে নানা ঘটনা থেকেই গল্পটি মাথায় আসে। যেমন দেয়ালে পেরেক মারা যাবে না। রাত ১১টার মধ্যে গেট বন্ধ। এসব বিষয়ে বিরক্ত একজন পুরুষের বাসা ছেড়ে দেওয়ার গল্প এটি। কাজটি শেষ করলাম মাত্রই। আমার মনে হচ্ছে, একটু ভিন্ন কিছু হবে। মানে বেশ মজা পাবেন দর্শকরা।”
আরিয়ান জানান, নাটকে আফরান নিশোর এই ভ্রাম্যমাণ বাসার ঠিকানা হলো স্থানীয় শৌচাগার থেকে এক মিনিট দূরত্বে। কারণ, তার গাড়িতে সব থাকলেও টয়লেটটা নেই। সে জন্যই বুদ্ধি করে টয়লেটের নিকটবর্তী অঞ্চলে তার গাড়িটি পার্ক করা।
আরিয়ান বলেন, “এভাবে নিজ গাড়িতে ভালোই চলছিলে এই বিদ্রোহীর জীবন। বিপত্তি হলো তার জীবনেও একটি প্রেম আসে। কিন্তু গাড়িতে তো দুজনের থাকার ব্যবস্থা নেই! যে নিজেকে এতদিন একাই একশ ভাবছিল, তার প্রেমের পরিণতি কী হবে এখন? এই প্রশ্নের উত্তর মিলবে নাটকের শেষাংশে।”
ঈদুল আজহার তৃতীয় দিন রাত সাড়ে ৮টায় ‘একাই ১০০’ প্রচার হবে দীপ্ত টিভিতে।
