ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে প্রতি ঈদেই নাচের অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় তারকারা। এবার করোনার জন্য আগের মতো কাজ করতে না পারলেও ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠানে তিনি ১০টি নাচ পরিচালনা করেছেন। এতে জনপ্রিয় ১০ নৃত্য জুটি অংশ নিয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী চাঁদনী তার কোরিওগ্রাফিতে অনেক নেচেছেন। কিন্তু এবারই প্রথম তারা দুজন জুটি হয়ে নেচেছেন এই অনুষ্ঠানে। তাদের দেখা যাবে এ সময়ের জনপ্রিয় কয়েকটি সিনেমার গানে নাচতে। এদিকে, বিটিভির ঐতিহ্যবাহী অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় দুটি নাচ পরিচালনা করেছেন সোহাগ। একটিতে অংশ নেওয়ার কথা ছিল জনপ্রিয় নৃত্যজুটি লিখন-নাদিয়ার। তারা শ্যুটিংয়ে অংশও নেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই লিখনের হাতে সমস্যা তৈরি হয়। তাকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে। পরে সেই নাচে নাদিয়ার বিপরীতে সোহাগই নেচেছেন। এছাড়া আরও কয়েকটি টিভি চ্যানেলে তার নাচ দেখানো হবে। তিনি বলেন, ‘আমি সব সময় কোয়ালিটি মেনে কাজ করি। জনপ্রিয় তারকাদের নিয়ে কাজ করি। তাই দর্শক থেকে শুরু করে আয়োজকরাও খুশি। এবার ভিন্ন ধাঁচের কিছু নাচ করেছি। আশা করছি দর্শকরা আনন্দ পাবেন।’
×
