পারিবারিক কলহের জেরে যশোরের বেনাপোলে বড় ভাইকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে।
বুধবার দুপুরে বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন (৪৫) ওই গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। পালিয়ে যাওয়ার সময় পুলিশ পার্শ্ববর্তী গয়রা গ্রাম থেকে অভিযুক্ত আমজাদ হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে।
স্বজনদের বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, কাগজপুকুর গ্রামের দুই ভাই রাসেল ও আমজাদের মধ্যে পারিবারিক কলহ বাধে। একপর্যায়ে ছোট ভাই আমজাদ ঘর থেকে পিস্তল এনে রাসেলকে গুলি করে। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা বেগম মামলা করেছেন জানিয়ে ওসি বলেন, পালিয়ে যাওয়ার সময় আমজাদকে গয়রা গ্রাম থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চাকুসহ গ্রেপ্তার করা হয়। অস্ত্রটির লাইসেন্স নেই বলেও জানান তিনি।
