কালকিনিতে র‌্যাবের পোশাকে ইউপি সদস্যের ওপর হামলার অভিযোগ

আপডেট : ৩০ জুলাই ২০২০, ১০:২৮ পিএম

মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ বাঁশগাড়ি নতুনকান্দি গ্রামে র‌্যাবের পোশাক পরে  ইউপি সদস্য আকতার শিকদারকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়।

একই সময় ইউপি সদস্যের চাচাতো ভাই কালাই শিকদার (২২)-কে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

বৃহস্পতিবার সকালে গুরুতর আহত ইউপি সদস্য আকতার শিকদারকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।

ইউপি সদস্য আকতার শিকদারের বাবা মতি শিকদার বলেন, চেয়ারম্যান সুমন র‌্যাবের পোশাক পরে আমাদের বাড়িতে এসে বোমার বিস্ফোরণ ঘটায় এবং আমার ছেলেকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করেছে। আমি এ হামলার বিচার চাই।

মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন এর সঙ্গে ইউপি সদস্য আকতার শিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । তারই জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ইউপি চেয়ারম্যানসহ তার লোকজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে এসেছি। ঘটনার তদন্ত শুরু করে দিয়েছি। এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

তিনি আরও জানান, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন আমাদের কাছে বলেছেন, ইউপি সদস্যকে মারধরের বিষয়ে তিনি কিছু জানেন না। তার কোন লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়।  

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মাদারীপুরের কালাই শিকদারের বিরুদ্ধে তিনটি মামলা আছে। সে মামলায় ওয়ারেন্ট ছিল। ওয়ারেন্টের আসামি ধরার জন্য আমাদের র‌্যাব সদস্য গিয়েছিল। আমরা তাকে নিয়ে এসেছি। এখন জানতে পারলাম তিনি কিছুদিন পূর্বে আদালত থেকে জামিন নিয়ে গেছেন। আমরা তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেব। কাউকে মারধরের বিষয়ে আমরা কোন কিছু জানি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত