করোনামুক্তির প্রার্থনা ও স্বাভাবিক জীবনে ফেরার আকুতি

আপডেট : ০১ আগস্ট ২০২০, ১১:১৮ এএম

করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে শনিবার দেশের মসজিদে মসজিদে লাখো মুসল্লি ঈদুল আজহা তথা কোরবানির ঈদের নামাজ আদায় করেছেন। নামাজ শেষে মোনাজাতে ছিল করোনামুক্তির প্রার্থনা ও স্বাভাবিক জীবনে ফেরার আকুতি।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবারের ঈদের প্রথম জামাত হয় সকাল ৭টায়। মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান এতে ইমামতি করেন।

নামাজ শেষে মোনাজাতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতদের জন্য দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

মোনাজাতে মিজানুর রহমান বলেন, ‘আল্লাহ যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন, তাদের আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছেন, দয়া করে তাদের শেফা দান করে দিন।’

‘এই বিমারি থেকে, রোগ ব্যাধি থেকে আমাদের সবাইকে হেফাজত করে স্বাভাবিক জীবন যাপনের তওফিক দিন’ যোগ করেন তিনি।

করোনাভাইরাসের বিস্তার রোধে ঈদুল ফিতরের মতো এবারও ঈদগাহ বা খোলা ময়দানে ঈদের জামাত করার অনুমতি দেওয়া হয়নি। স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ মসজিদে মসজিদেই হচ্ছে।

শারীরিক দূরত্ব রেখে কাতার করতে হয়েছে বলে ভেতরে জায়গা না পেয়ে মসজিদের বাইরের প্রাঙ্গণেও অনেককে নামাজে দাঁড়াতে দেখা গেছে।

করোনাভাইরাস অতি সংক্রামক বলে মাস্ক পরিধানসহ বেশ কিছু বিধিনিষেধ মেনে নামাজ পড়তে হয়েছে সবাইকে। নামাজ শেষে কোলাকুলি বা হাত মেলাতে দেখা যায়নি।

বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রধান জামাতের পর ৭টা ৫০ মিনিটে, ৮টা ৪৫ মিনিটে, ৯টা ৩৫ মিনিটে, ১০টা ৩০ মিনিটে এবং ১১টা ১০ মিনিটে ধারাবাহিকভাবে আরও পাঁচটি জামাত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত