নারীরা কেন সাদাকালো ছবি পোস্ট করছেন?

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০২:০৮ পিএম

গত কয়েক দিন ধরে ‘বিখ্যাত-অখ্যাত’ অনেক নারীকে সাদাকালো ছবি পোস্ট করতে দেখা যাচ্ছে। ফেইসবুক, ইনস্টাগ্রামসহ প্রায় সব সামাজিক যোগাযোগমাধ্যম এ ধরনের ছবিতে সয়লাব। পোস্টের ক্যাপশনে হ্যাশট্যাগ দিয়ে তারা একে অপরকে সাহায্য করার কথা যেমন বলছেন, তেমনি চ্যালেঞ্জ গ্রহণের বার্তাও দিচ্ছেন।

হঠাৎ এ ধরনের ক্যাম্পেইন শুরু হওয়ার পেছনের গল্প নিয়ে অনেকেই আগ্রহ দেখাচ্ছেন। সাদাকালো ছবি পোস্ট করা নারীরা একে ‘নারীর প্রতি সমর্থন’ হিসেবে দেখছেন।

বাংলাদেশি সংগীতশিল্পী আঁখি আলমগীর ৩০ জুলাই রাতে এমন একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেছেন ‘#empoweringwomen #ChallengeAccepted #empoweringeachother ❤️❤️thanks Nasrin Zaman ❤️সেহেলী আজিজ মৌ for nominating me’

এভাবে ছবি পোস্ট করতে দেখা গেছে বলিউড-হলিউডের কিংবদন্তি নারীদেরও।

ফেইসবুকের তথ্য অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এভাবে হ্যাশট্যাগ দিয়ে প্রায় এক কোটি ছবি পোস্ট করা হয়েছে গত কয়েক দিনে। ইনস্টাগ্রামে আরও বেশি।

ক্যাম্পেইনটির বিষয়ে ইনস্টাগ্রামের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘কয়েক দিন ধরে এটা আমরা লক্ষ্য করছি। গত ২৪ ঘণ্টায় দ্বিগুণ ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখতে পাচ্ছি অধিকাংশ ব্যবহারকারী নিজেদের কমিউনিটির শক্তি এবং সমর্থনের বিষয়ে জানান দিচ্ছেন।’

নতুন এই ট্রেন্ড টুইটার-ফেইসবুকে এখন ছড়িয়ে পড়লেও শুরুটা হয়েছে মূলত ইনস্টাগ্রাম দিয়েই। তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। ২০১৬ সালের দিকে ক্যানসারের বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে #ChallengeAccepted নামের একটি ক্যাম্পেইন শুরু হয়েছিল। পুরো বছরজুড়ে ইতিবাচকতা ছড়িয়ে দেয়ার মাধ্যম হিসেবে এই ক্যাম্পেইন টিকে ছিল।

শুরু কোথায়: নতুন ক্যাম্পেইন ঠিক কীভাবে, কোথায় শুরু হয়েছে সে বিষয়ে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে। ২০১৬ সালের ক্যাম্পেইন অনুসরণ করে নতুনটি ব্রাজিলে শুরু হয়ে থাকতে পারে টাইমসের প্রতিবেদনে ধারণা করা হয়েছে। ব্রাজিলের এক নারী সাংবাদিককে তার এক পুরুষ সহকর্মী অপ্রীতিকর ভাষায় আক্রমণ করার প্রতিবাদে তিনি এ ধরনের একটি পোস্ট দেন। এরপর সেটি চেইন আকারে ছড়িয়ে পড়ে।

আবার কেউ কেউ বলছেন তুরস্কের নারীদের থেকে এটি শুরু হয়েছে। পরিবার থেকে পরিবারে নারী নির্যাতন বন্ধ করতে দেশটির নারীবাদীরা কয়েক দিন ধরে এভাবে পোস্ট করছেন। এই প্রবণতা শুরু হয় পিনার গুলতেকিন নামের এক মেয়ের মৃত্যুর পর। সাবেক বয়ফ্রেন্ডের হাতে তিনি খুন হন।

তবে ইনস্টাগ্রাম থেকে ব্রাজিলের ওই নারী সাংবাদিকের কথা বলা হয়েছে।

সাদাকালো রংয়ের অর্থ কী: কৃষ্ণাঙ্গদের প্রতি সংহতি প্রকাশের জন্য এ ধরনের ছবি যুক্তরাষ্ট্রে ব্যবহার করতে দেখা গেছে। তবে এই ক্যাম্পেইনের সঙ্গে তার সম্পর্ক আছে কি না সেটি নিশ্চিত নয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ছবি দেখে মানুষ এমন একজনের প্রতি সমর্থন জানাবেন যার আসলে কোনো বৈচিত্র্য নেই। এই অনুভূতি জাগাতে সাদাকালো ছবির ব্যবহার।

তবে অধিকাংশ ছবি আকর্ষণীয় ভঙ্গিতে পোস্ট করায় অনেকে আবার এর উদ্দেশ্যের সফলতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

কেউ কেউ বলছেন, সাদাকালো সেলফি না দিয়ে বই, বিভিন্ন লেখা কিংবা দাতব্য সংস্থার বিষয়ে পোস্ট করা উচিত নারীদের, তাতে তারা সত্যিকারের লাভবান হবেন।

তুরস্কের নারীরাও স্বীকার করেছেন যে তাদের দেশ থেকে এই ক্যাম্পেইন শুরু হয়নি। তবে তারা এই সাদাকালো রংয়ের ভিন্ন একটা ব্যাখ্যা দিয়েছেন।

‘সাদাকালো ছবির এই ক্যাম্পেইন তুরস্কে শুরু হয়নি,’ জানিয়ে দেশটির নারী অধিকার আন্দোলনের শীর্ষ নেত্রী ফিদান আটসেলিম দ্য গার্ডিয়ানকে বলেন, ‘ইস্তাম্বুল কনভেনশন বাতিল হওয়ায় আমরা চিন্তিত। এ কনভেনশন দেশের নারীদের বাঁচিয়ে রাখে। প্রতিদিন আমাদের কোনো না কোনো বোন প্রাণ হারাচ্ছে। আমরা সাদাকালো ছবি পোস্ট করে তাদের স্মৃতি ধরে রাখছি। বার্তাটি পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে সব নারীকে আমরা আহ্বান জানাতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত