একাধিক নায়িকার সঙ্গে অজয়ের প্রেম, হাল ছাড়েননি কাজল

আপডেট : ০২ আগস্ট ২০২০, ০২:৪৫ পিএম

ক্যারিয়ারের শীর্ষ সময়ে কাজল হঠাৎ বিয়ে করেন অজয় দেবগনকে। এরপর সংসারের কারণে অনেক দিন পর্দা থেকে ডুব দেন। তবে বলিউডের অন্যতম পাওয়ার কাপলের সম্পর্কেও এসেছে ঝড়।

ক্যারিয়ারের শুরুর দিন থেকেই অজয়ের সঙ্গী ছিল বিতর্ক। একাধিক নায়িকার সঙ্গে তাকে জড়িয়ে শোনা যায় প্রেমের গুঞ্জন। প্রথম গুজব রটে রাভিনা ট্যান্ডনকে নিয়ে। তাদের সম্পর্ক ছিল ক্ষণস্থায়ী, শেষ হয়েছিল চরম তিক্ততায়।

‘সোহাগ’ ছবিতে একসঙ্গে অভিনয়ের সুবাদে ঘনিষ্ঠতা বাড়ে অজয়-কারিশমা কাপুরের। তার পরেই নাকি অজয়ের জীবনে ‘সাবেক’ হয়ে যান রাভিনা। এক সাক্ষাৎকারে নায়িকা জানান, অজয়ের কাছে প্রত্যাখ্যাত হয়ে আত্মঘাতীও হতে গিয়েছিলেন। তবে দাবি করেন, অজয় নাকি তাকে প্রেমপত্র লিখেছিলেন। পরে এই সাক্ষাৎকার ঘিরে ক্ষোভ উগরে দেন অজয়। রাভিনার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না বলে জানান। যদিও অজয়কে নিয়ে কারিশমা ও রাভিনার হাতাহাতির সাক্ষি অনেকেই।

অজয়-কারিশমা জুটি ছিল নব্বইয়ের দশকের বলিউডে অন্যতম চর্চিত বিষয়। ওই সময় কাপুর-কন্যা ছিলেন ইন্ডাস্ট্রির একচ্ছত্র নায়িকা। অজয়ের সঙ্গে জুটি বেঁধে তিনি অভিনয় করেন বেশ কিছু সুপারহিট ছবিতে। শোনা যায়, তাদের প্রেম শুধু সিনেমার পর্দাতেই থেমে ছিল না। এই সম্পর্কও শেষ হয়েছিল তিক্ততায়। কারণ করিশমাকে ছেড়ে অজয়ের মন মজেছিল কাজলে। তবে সম্পর্কের কথা অজয় বা কারিশমা কেউ স্বীকার করেননি।

আরও শোনা যায় বলে, মনীষা কৈরালা ও টাবুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল অজয়ের। কিন্তু মনীষার সঙ্গে সম্পর্ক শেষ পর্যন্ত তিক্ততায় গড়ায়। অজয় বলেছিলেন, মনীষা ও রাভিনার সঙ্গে অভিনয় করতে চান না। তবে টাবুর সঙ্গে বন্ধুত্ব আজও টিকে আছে।

কাজলের সঙ্গে অজয়ের অন্তরঙ্গ হতে সময় লেগেছে অনেকটাই। পরে অজয় নিজেই বলেন, প্রথম আলাপে কাজলকে উদ্ধত ও বাচাল মনে হয়েছিল। নায়িকারও অজয়কে আহামরি কিছু মনে হয়নি। কিন্তু অন্যরকম অনুভূতি শুরু হয়ে ‘হালচাল’ ছবির শুটিংয়ে। কাজল নিজেই জানিয়েছেন, সে সময় তিনি অন্য কারো সঙ্গে ডেট করছিলেন। সেই সংক্রান্ত কথাও হতো অজয়ের সঙ্গে। কিন্তু ক্রমশ বুঝতে পারলেন, সাধারণ বন্ধু থেকে ‘বিশেষ’ হয়ে উঠছে অজয়।

দীর্ঘ প্রেমপর্বের পরে অজয়-কাজল বিয়ে করেন ১৯৯৯ সালে। কিন্তু সেই সম্পর্কেও অশান্তির মেঘ ছায়া ফেলেছিল। যার সূত্রপাত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ ছবি ঘিরে। এই ছবিতে অভিনয়ের সূত্রে কঙ্গনা রনৌতের সঙ্গে আলাপ অজয়ের। গুঞ্জন আছে, দুজনের অন্তরঙ্গতা নাকি পেশাদার গণ্ডি পেরিয়ে পৌঁছে যায় ব্যক্তিগত পরিসরেও।

এই ঘনিষ্ঠতা মোটেও ভালোভাবে নেননি কাজল। তিনি নাকি হুমকি দেন, ঘনিষ্ঠতা বেশি দূর গড়ালে ছেলে-মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবেন। স্ত্রীর হুমকির কাছে নাকি নতিস্বীকার করতে বাধ্য হন অজয়। এর পর অজয়-কঙ্গনার ঘনিষ্ঠতা বেশি দূর গড়ায়নি। মজার বিষয় হলো, অনেক নায়ক-নায়িকা নিয়ে রাজ্যের অভিযোগ তুললেও অজয়-কাজল নিয়ে বরাবরই নীরব কঙ্গনা।

বিভিন্ন সময় অজয় ও কাজল বলেছেন, দুজনেই সম্পর্কে খোলা জায়গা রাখতে বিশ্বাসী। ফলে নিজেদের বন্ধুদের চাপিয়ে দেননি অন্যদের উপরে। কাজলের ঘনিষ্ঠ বন্ধু শাহরুখ খানের সঙ্গে যেমন অজয়ের কোনো বন্ধুত্ব নেই, তবে তারা শত্রুও নন। এ কথা নিজেই জানিয়েছেন কাজল।

শাহরুখ-কাজলের অনস্ক্রিন রোমান্সের মতো অফস্ক্রিন বন্ধুত্বও বলিউডে বহুচর্চিত বিষয়। কিন্তু এই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের দাম্পত্যে কখনো মনোমালিন্য এনেছে কি-না, সে বিষয়ে অজয় বা কাজল কোনো দিন কিছু বলেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত