হাসপাতালে অভিযান বন্ধে স্বরাষ্ট্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি

আপডেট : ০৬ আগস্ট ২০২০, ০৭:১১ এএম

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে অভিযান না চালাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। এই অভিযানে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ‘একধরনের চাপা অসন্তোষ’ বিরাজ করছে বলে এতে বলা হয়েছে। তবে কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে জরুরি অভিযান চালানোর প্রয়োজন হলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে চিঠিতে।  স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘করোনা মহামারীর প্রাদুর্ভাবের সময় দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা নানা বিষয়ে অভিযান চালাচ্ছেন। একটি হাসপাতালে একাধিক আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করায় হাসপাতালগুলোর স্বাভাবিক চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ কারণে স্বাস্থ্য প্রতিষ্ঠানসমূহে একধরনের চাপা অসন্তোষ বিরাজ করছে।’

চিঠিতে বলা হয়, ‘স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করতে ইতিমধ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। এতে জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তাও সদস্য হিসেবে আছেন। এমতাবস্থায় যেকোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের অভিযান পরিচালনা থেকে বিরত থাকা এবং জরুরি অভিযান পরিচালনার প্রয়োজন দেখা দিলে স্বাস্থ্যসেবা বিভাগ এবং প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সঙ্গে সমন্বয় করে পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর আলোচনা হয়েছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত