কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনুকে অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮[উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১] এর ১৩ক ধারা অনুসারে পাকুন্দিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে (রেনু) অপসারণ করে পদটি শূন্য ঘোষণা করা হলো। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১কে উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য পরিষদের আর্থিক ক্ষমতা প্রদান করা হলো। এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে তা কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রেনুর বিরুদ্ধে ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, পাকুন্দিয়া পৌরসভার মেয়র ও সব ইউপি চেয়ারম্যানের আনীত অনাস্থা প্রস্তাবে বর্ণিত অভিযোগ উপজেলা পরিষদ আইন-১৯৯৮ [উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত] এর ১৩(খ) ও ১৩(গ) ধারার স্পষ্ট লঙ্ঘন এবং যেহেতু আনীত অনাস্থা প্রস্তাবের বিষয়ে সরেজমিন তদন্তকালে প্রস্তাবটি পাকুন্দিয়া উপজেলা পরিষদের চার-পঞ্চমাংশের বেশি সদস্যের ভোটে গৃহীত হয়েছে, সেহেতু সরকার উপযুক্ত বিবেচনা করে অনাস্থা প্রস্তাবটি অনুমোদন করেছে।
