এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তামলা ইউনিয়নে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ৩০ বসতবাড়ি ভাঙচুর ও লুটপাত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে দশ ব্যক্তি।
শনিকার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার তামলা ইউনিয়নের তিনটি গ্রাম (মানিকদি, তালেরশ্বর, ত্রিপুল) এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য ফিরোজ খানের সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের ইউপি কমিটির সদস্য আব্দুস সামাদ মাতুব্বরের লোকদের মধ্যে এই হামলার ঘটনা ঘটে।
নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন জানান, পূর্ব শক্রতার জের ধরে ফিরোজ খানে লোকজন আব্দুস সামাদ মাতুব্বরের সমর্থকদের বাড়িতে হামলা করে। পরে পাল্টা হামলায় ফিরোজের সমর্থকদের কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়।
তিনি বলেন, হামলা খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ক্ষতিগ্রস্তরা থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালমা ইউপি আওয়ামী লীগের সদস্য আব্দুস সামাদ মাতুব্বর বলেন, শুক্রবার বিকেলে আমাদের এলাকায় ফিরোজ খা মিটিং করে। মিটিং শেষ হওয়ার পরে আমাদের কয়েকজন সমর্থকদের বাড়িতে হামলা চালায় তারা।
শনিবার সকালে ফিরোজের কর্মী সমর্থকেরা একজোট হয়ে পাশা-পাশি তিনটি গ্রামে হামলা ও লুটপাট করে।
তিনি বলেন, এই ঘটনায় আমাদের ২৫/২৬টি বাড়ি ভাঙচুর করে, হামলা ঠেকাতে গিয়ে বাশার মুন্সি, আলী মাতুব্বর, রাশেদ মাতুব্বর, সামাদ মাতুব্বসহ ১০/১২ জন আহত হয়েছে।
এ বিষয়ে ফিরোজ খানের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার চেষ্ট করলে তিনি কল রিসিভ করেননি।
