পুনরায় বিজয়ী হওয়ায় রাজাপাকসেকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ০৭:০১ এএম

শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দল এসএলপিপির বিজয়ে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এক লিখিত অভিনন্দন বার্তায় শেখ হাসিনা উল্লেখ করেন, ‘জাতীয় নির্বাচনে এই বিজয়ের মাধ্যমে বর্তমান নেতৃত্বের ওপর শ্রীলঙ্কার জনগণের বিশ^াস ও আস্থার প্রতিফলন ঘটেছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ও শ্রীলঙ্কা আন্তদেশীয় যোগাযোগ অগ্রসরে, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন, জলবায়ু পরিবর্তনসহ নানা অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দীর্ঘদিন ধরে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে একসঙ্গে কাজ করছে। বাংলাদেশে শ্রীলঙ্কার একটি বিশাল জনগোষ্ঠীর বসবাসও এই চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের দৃষ্টান্ত। সরকারি সফরকালে আমি আমাদের দ্বিপক্ষীয় বৈঠকের কথা বিশেষভাবে স্মরণ করছি, একই সঙ্গে স্মরণ করছি বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো ত্বরান্বিত করতে আমাদের মতবিনিময়।’

শেখ হাসিনা বলেন, ‘আপনি শ্রীলঙ্কার সরকারে থাকার সময় আমাদের সরকার দুই দেশের সম্পর্ককে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাব।’

পরিশেষে, শেখ হাসিনা মাহিন্দা রাজাপাকসের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে তাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত