সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে এক নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার সুনামগঞ্জ সদর থানার পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী (২৬)।
নির্যাতিতার দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিনাপাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রী তিনি। সুনামগঞ্জ শহরের আলীপাড়া আবাসিক এলাকায় শিশু কন্যাসহ ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজের বোনের বাসায় ভাড়া থাকতেন তিনি। গত ১০ এপ্রিল প্রথমে আবু হেনা আজিজ তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এরপর থেকে ভয়ভীতি দেখিয়ে তিনি তাকে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। সম্প্রতি আবু হেনা আজিজ উপস্থিত থেকে শহরের একটি ক্লিনিকে ওই নারীর গর্ভপাত করান।
রোববার সকালে ওই নারী চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সদর থানায় মামলা করেন। দুপুরে পৌর এলাকা থেকে ওই মামলায় আজিজকে গ্রেপ্তার করে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুর রহমান জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগে মামলা করেছে। অভিযোগের প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আবু হেনা আজিজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
