ধর্ষণের অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউপির চেয়ারম্যান আবু হেনা আজিজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ সদর থানার পুলিশ। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী।
ওই নারীর করা মামলার এজাহার থেকে জানা যায়, সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রী তিনি। সুনামগঞ্জ শহরের আলীপাড়া আবাসিক এলাকায় মেয়েকে নিয়ে আবু হেনা আজিজের বোনের বাসায় ভাড়া থাকতেন তিনি। গত ১০ এপ্রিল প্রথমে আবু হেনা আজিজ তাকে ধর্ষণ করেন। এরপর থেকে ভয় দেখিয়ে তিনি তাকে নিয়মিত ধর্ষণ করে আসছিলেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। আবু হেনা আজিজ উপস্থিত থেকে শহরের একটি ক্লিনিকে সম্প্রতি তার ৩ মাসের গর্ভের সন্তান নষ্ট করান।
