বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াডের থাকা খেলোয়াড়দের করোনা আক্রান্ত নিয়ে বিভ্রান্তি দূর করতে আরো দুই হাসপাতালে তাদের নমুনা দেওয়া হয়েছে। বুধ ও বৃহস্পতিবার যার ফল জানা যাবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সোমবার বাফুফে জানায়, আইসিডিডিআরবি ও প্রভা হেলথ কেয়ারে প্রতিনিধিরা বিশ্বকাপ ক্যাম্পের ৩০ খেলোয়াড় এবং অফিশিয়াল ও স্টাফ মিলে আরো ৬ জনের নমুনা নিয়ে গেছেন।
ফুটবলাররা গাজীপুরের সারাহ রিসোর্টে অবস্থান করছেন। সেখানেই ৫ আগস্ট থেকে তিন ধাপে ক্যাম্পে যোগ দিয়েছেন তপু বর্মণরা।
ক্যাম্পে যোগ দেওয়ার আগে সবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষা করানো হয়। তিন ধাপে ৩০ ফুটবলারের মধ্যে ১৮ জনেরই করোনা পজিটিভ আসে।
তবে অনেকেরই প্রথমবার নেগেটিভ দেওয়ার পর দ্বিতীয়বার পজিটিভ রিপোর্ট দেওয়া হয়। যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। তা ছাড়া আক্রান্তদের করোনা উপসর্গও নেই। একবার করোনা নেগেটিভ রিপোর্ট নিয়েই তারা বাফুফেতে রিপোর্ট করেছিলেন। তাই বিভ্রান্তি দূর করতে বাফুফে আরো দুই হাসপাতালে ফুটবলারদের করোনা পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেয়।
করোনার কারণে স্থগিত থাকা বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নিজেদের বাকি ৪ ম্যাচ খেলবে অক্টোবর-নভেম্বরে।
