করোনা সংকটে ‘বিপর্যস্ত’ গোটা বিশ্বের শিল্প ও বাণিজ্য খাত। লোকসানে থাকা এসব খাতকে চাঙ্গা করে তুলতে ভর্তুকি ও প্রণোদনাসহ আর্থিক সহায়তা দিয়ে আসছে বিভিন্ন দেশের সরকার। নিজ দেশের রেস্টুরেন্টগুলোর সহায়তায় ব্রিটেন সরকারের তেমনি এক উদ্যোগ বেশ নজর কাড়ার মতো। সরকারি ‘ইট টু হেল্প আউট’ কর্মসূচির আওতায় সপ্তাহে তিন দিন রেস্টুরেন্টে প্রায় অর্ধেক দামে মিলবে পানীয় ও বিভিন্ন খাদ্যসামগ্রী। গত ৩ আগস্ট থেকে চালু হওয়া এ কর্মসূচি চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।
প্রতিবেদনে বলা হয়, রেস্টুরেন্টমুখী ক্রেতা ও ভোক্তাদের ব্যয়ে উৎসাহ বাড়াতেই উদ্যোগটি হাতে নিয়েছে ব্রিটেন সরকার। তবে এ কর্মসূচির ক্ষেত্রে কিছু শর্ত রাখা হয়েছে। সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রেস্টুরেন্টে খেতে গেলে সর্বোচ্চ ১০ পাউন্ডের ছাড় পাওয়া যাবে। যতবার খুশি মানুষ বাইরে খেতে যেতে পারেন। নির্দিষ্ট দিনগুলোতে প্রতিবার এ ছাড় পাওয়া যাবে। তবে মদ্যপানের ক্ষেত্রে এ সুযোগ থাকছে না। ছাড় পেতে হলে পানীয় হিসেবে মদের বিকল্প বেছে নিতে হবে। তাছাড়া সার্ভিস চার্জ বা পরিষেবা সংক্রান্ত মাশুলের ক্ষেত্রেও ছাড় পাওয়া যাবে না।
ব্রিটেনের অর্থমন্ত্রী ঋষি সুনক জানান, গোটা দেশজুড়ে প্রায় ৭২ হাজার ক্যাফে, বার, রেস্টুরেন্ট ও ক্যান্টিনসহ খাবার সরবরাহকারী সংস্থা সরকারের এ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এ উদ্যোগের ব্যয়ের অঙ্ক প্রায় ৫০ কোটি পাউন্ড ছুঁতে পারে বলে অনুমান করা হচ্ছে।
