শ্রীলঙ্কা সফরে টেস্টের সঙ্গে টি-টোয়েন্টিই

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৫:৪৯ পিএম

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের সঙ্গে টি-টোয়েন্টি খেলার প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। অক্টোবরে নতুন সূচিতে হতে যাওয়া এই সফরে তাই টেস্টের সঙ্গে টি-টোয়েন্টিই যোগ হচ্ছে।

জুলাই-আগস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে টাইগারদের শ্রীলঙ্কা যাওয়ার কথা থাকলেও করোনার কারণে সিরিজটি স্থগিত হয়। তবে বিসিবি ও এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট) নতুন করে এই সিরিজ আয়োজনে তৎপরতা চালাচ্ছে।

বিসিবির পক্ষ থেকে ২০ সেপ্টেম্বরের পর ক্রিকেটারদের শ্রীলঙ্কা পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। তবে টেস্টের সঙ্গে সীমিত ওভারের সিরিজ যোগ হচ্ছে বলে নিশ্চিত করা হলেও সেটি ওয়ানডে না টি-টোয়েন্টি হবে তা নিয়ে ছিল প্রশ্ন।

সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন তিন ম্যাচের টেস্ট হচ্ছে এটি চূড়ান্ত। সঙ্গে যোগ হচ্ছে টি-টোয়েন্টি। তবে সেটি টেস্টের আগে না পরে সেটি নিয়ে এখন সিদ্ধান্তের অপেক্ষা।

বিসিবির সিইও বলেন, ‘এটি নিশ্চিত যে আমরা তিন টেস্টের সিরিজ খেলতে যাচ্ছিই। টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব নিয়ে বোর্ডে আলোচনা হবে। সেটি আমরা টেস্ট সিরিজের আগে না পরে খেলব, ঠিক করার ব্যাপার আছে তাও। আশা করছি সে সিদ্ধান্তও খুব দ্রুতই নিয়ে ফেলতে পারব আমরা।’

এর আগে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান আকরাম খান অবশ্য বলেছিলেন, ‘আমরা খুব করে চাচ্ছি কিছু টি-টোয়েন্টি খেলতে। কিন্তু এসএলসির কাছ থেকে ইতিবাচক সাড়া এখনো পাইনি। আশা করি পাওয়া যাবে।’ তবে নিজাম উদ্দিন চৌধুরী বললেন টেস্টের সঙ্গে বাড়তি টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব এসএলসির পক্ষ থেকেই ছিল।

কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছিল। যার কারণ হিসেবে বিসিবির এই কর্মকর্তা বললেন, ‘আসলে এসএলসি চাচ্ছিল টেস্ট সিরিজটি দুই ম্যাচের বানিয়ে তিনটি টি-টোয়েন্টি খেলতে। কিন্তু আমরা কোনোভাবেই একটি টেস্ট কম খেলতে রাজি হইনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত