শুরুর আগেই ধাক্কা খেল লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। অন্তত মধ্য নভেম্বর পর্যন্ত এই আসর স্থগিত হওয়ার কথা ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে।
মূলত করোনা মহামারির মাঝে কোয়ারেন্টাইন বাধার জন্য টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
২৮ আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল ৫ দলের এই টুর্নামেন্ট। দ্বীপরাষ্ট্রের চারটি মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টুর্নামেন্টের মোট ২৩টি ম্যাচ। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি আন্তর্জাতিক বেশ কিছু পরিচিত মুখ নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের দল গড়ার কথা ছিল।
প্রাথমিকভাবে শ্রীলঙ্কা বোর্ড আশা করেছিল, বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক ক্রিকেটাররা দেশটিতে পৌঁছানোর পর কোয়ারেন্টাইনে থাকার প্রয়োজন পড়বে না। শুধু মাত্র করোনা টেস্ট করালেই চলবে।
তবে পরে সরকারের পক্ষ থেকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ পাওয়ার পর টুর্নামেন্ট আপাতত স্থগিত রাখতে বাধ্য হয় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
একে তো টুর্নামেন্ট শুরু হতে খুব বেশি দিন বাকি নেই। তা ছাড়া খেলোয়াড়দের কোয়ারেন্টাইনে রাখতে বাড়তি অর্থও ব্যয় করতে হবে। তাই আয়োজকদের এই সিদ্ধান্ত।
