প্রধানমন্ত্রী সম্মতি দিলে জেএসসি পিইসি পরীক্ষা বাতিল

আপডেট : ১২ আগস্ট ২০২০, ০৬:২২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পেলেই করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর কারণে এ বছরের পঞ্চম ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা বাতিল করা হবে। প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেন গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘এ নিয়ে মুখ্য সচিবের সঙ্গে একটি সভা হয়েছে। সভায় আমাদের এ বিষয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। আমরা সারসংক্ষেপ তৈরি করেছি। শিক্ষা মন্ত্রণালয়ও সারসংক্ষেপ তৈরি করছে। আগামী রবি-সোমবারের মধ্যে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এবার আর এই পরীক্ষা হবে না।’

সচিব বলেন, ‘আমরা টেলিভিশন মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি শুরু থেকেই। তবে সব শিক্ষার্থীর কাছে আমরা পৌঁছাতে পারিনি এটি সঠিক। কারণ সব মানুষের বাসায় রেডিও-টেলিভিশন নেই। অনেক অসচ্ছল পরিবার আছে। সুতরাং সবার কথা ভেবেই আমাদেরকে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের কোনো প্রকার ঝুঁকির মধ্যে ফেলতে চাই না। করোনা পরিস্থিতির উন্নতি হলে তবেই তারা স্কুলে যাবে। যেহেতু কবে প্রতিষ্ঠান খোলা যাবে তা আমরা জানি না। তাই একাধিক বিকল্প হাতে রেখে শিক্ষা কার্যক্রম শুরুর পরিকল্পনা তৈরির কাজ চলছে।’

তবে জানা গেছে, দুই সমাপনী পরীক্ষা না হলেও স্কুল খোলা গেলে পঞ্চম ও অষ্টমের বার্ষিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ওই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই এ দুই শ্রেণিতে বৃত্তি দেওয়া হবে। করোনা সংক্রমণের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত