জয়পুরহাটে পুলিশি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বিট পুলিশিং অফিসের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১২টায় সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়ন পরিষদ ভবনে প্রধান অতিথি হিসেবে এ অফিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির।
এ সময় পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম সৈকতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রেজা, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামসহ পুলিশ কর্মকর্তা, রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যকালে পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির বলেন, জেলায় ৪৪টি পুলিশিং বিট অফিস উদ্বোধন করা হবে। জনগণের সঙ্গে পুলিশের বিট কর্মকর্তারা সার্বক্ষণিক পুলিশি সেবা দিয়ে যাবে। বিট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
