সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যানসারে খবরে হতবাক ভক্ত ও সহকর্মীরা। অনেকেই সোশ্যাল মিডিয়া পোস্টে এই তারকার সুস্থতা কামনা করেছেন। এ তালিকায় আছেন ঊর্মিলা মাতন্ডকর।
দুই তারকা একসঙ্গে দৌড় ও খুবসুরত সিনেমায় অভিনয় করেন। এর মধ্য থেকে প্রথম সিনেমার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সঞ্জয়কে ‘লড়াকু’ বলে উল্লেখ করেন নায়িকা।
ঊর্মিলা লেখেন, সঞ্জয়ের ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে কী যে হতাশার ও ভয়াবহ খবর। কিন্তু তিনি সারা জীবন একজন যোদ্ধাও। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি।
আরও জানান, ‘খলনায়ক’ অভিনেতার জন্য প্রার্থনা করছেন তিনি।
মঙ্গলবার এক টুইট বার্তায় সঞ্জয় জানিয়েছিলেন, চিকিৎসার জন্য কাজ থেকে বিরতি নিতে যাচ্ছেন। এরপরই তার ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর এল।
এর আগে শনিবার সন্ধ্যায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় সঞ্জয় দত্তকে হাসপাতালে ভর্তি করতে হয়। সোমবার হাসপাতাল থেকে ছাড়াও পান তিনি।
মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি ছিলেন সঞ্জয় দত্ত। বুকে অস্বস্তি বোধ করায় তখন ধারণা করা হচ্ছিল করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। কিন্তু তার করোনা নেগেটিভ আসে। তবে কভিড-১৯ পরীক্ষা ছাড়াও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তার। তাতেই ধরা পড়ে, আসলে করোনা নয়, ফুসফুসের ক্যানসারে ভুগছেন তিনি।
স্টেজ-৩ এ থাকা ক্যানসারের চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যাবেন বলে সংবাদমাধ্যমের খবর।
‘মুন্না ভাই’ খ্যাত ৬১ বছর বয়সী অভিনেতা তার টুইট বার্তায় লিখেছেন, ‘বন্ধুরা, চিকিৎসার জন্য আমি কাজ থেকে সামান্য বিরতি নিচ্ছি। আমার পরিবার এবং বন্ধুরা আমার সঙ্গে আছে। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি যেন তারা উদ্বিগ্ন না হন বা অহেতুক কোনো অনুমান না করেন। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছা সঙ্গে থাকলে আমি দ্রুতই ফিরে আসব।’
