সিপিএল: এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানোদের তালিকা

আপডেট : ১২ আগস্ট ২০২০, ১১:৫২ পিএম

বিশ্বজুড়ে করোনা মহামারির মধ্যেই ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। করোনা ধাক্কার পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরগুলোর মধ্যে এটিই প্রথম মাঠে গড়াবে।

জনপ্রিয় এই টুর্নামেন্টে ব্যাট-বলের তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। অন্যান্য বারের মতো এবারের টুর্নামেন্টেও তৈরি হতে পারে নতুন নতুন রেকর্ড। তার আগে কিছু পুরোনো রেকর্ডের দিকে নজর ফেরানো যাক। দেখে নেওয়া যাক, সিপিএলের এক ইনিংসে সর্বাধিক ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকা-

আন্দ্রে রাসেল

তালিকার শীর্ষ স্থানে রয়েছেন টি-টোয়েন্টি স্পেশালিস্ট আন্দ্রে রাসেল। ২০১৮ সালে তিনি জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। হাঁকিয়েছিলেন ১৩টি ছক্কা। সেটিই এখনো পর্যন্ত টুর্নামেন্টের এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড।

ক্রিস গেইল

২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৫৪ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ম্যাচে ১১টি ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। সিপিএলের এক ইনিংসে ১১টি করে ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে আন্দ্রে রাসেল, এভিন লুইস এবং ব্রেন্ডন কিংয়েরও।

ক্রিস গেইল- ডোয়াইন ব্রাভো

সিপিএলের এক ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল এবং ডোয়াইন ব্রাভো। ২০১৪ ও ২০১৯ সালে যথাক্রমে ১১১ ও ১১৬ রানের ইনিংস খেলার সময় এই নজির গড়েছিলেন গেইল। ২০১৮ সালে ৩৬ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলার সময় একই নজির গড়েছিলেন ব্রাভো।

চতুর্থ স্থানেও গেইল

‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইল জ্যামাইকা তালাওয়াসের জার্সিতে ২০১৫ সালে ৯০ ও ১০৫ রানের ইনিংস খেলেছিলেন। দুই ক্ষেত্রেই ৯টি করে ছক্কা হাঁকিয়েছিলেন কিংবদন্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত