দেশের আধুনিক সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ, সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার।
২০১৮ সালের আজকের দিনে ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাকের তিন দশকের বার্তা সম্পাদক গোলাম সারওয়ার দৈনিক যুগান্তরেরও প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
১৯৪৩ সালের ১ এপ্রিল বরিশালের বানারীপাড়ায় এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
মরহুম গোলাম কুদ্দুস মোল্লা ও মরহুমা সিতারা বেগমের জ্যেষ্ঠ সন্তান গোলাম সারওয়ার বাংলাদেশের মুক্তচিন্তা, প্রগতিশীল মূল্যবোধ আর মুক্তিযুদ্ধের সপক্ষে সোচ্চার ছিলেন আজীবন। সাংবাদিকতার বাতিঘর খ্যাত প্রতিষ্ঠানতুল্য এই ব্যক্তিত্ব ষাটের দশকে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করেন।
সেই থেকে একটানা পাঁচ দশকের বেশি সময় তিনি এই পেশায় মেধা, যুক্তিবোধ, পেশাদারিত্ব, দায়িত্বশীলতা, অসাম্প্রদায়িক চিন্তাচেতনার নিরবচ্ছিন্ন চর্চায় নিজেকে এবং বাংলাদেশের সংবাদপত্রকে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেন।
মেধা, নিষ্ঠা ও দক্ষতার উৎকৃষ্টতার কারণে গোলাম সারওয়ারকে অনেকেই 'সাংবাদিকদের শিক্ষক' হিসেবে অভিহিত করেন।
তিনি ছিলেন এ দেশের সংবাদপত্রে সাফল্য ও পেশাদারিত্বের প্রতীক। তিনি বাংলাদেশের দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
সাংবাদিকতায় অনন্য ভূমিকার জন্যে ২০১৪ সালে একুশে পদক, ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (সিজেএফবি) আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা লাভ করেন।
