রাজধানীর খিলগাঁওয়ে পরিত্যক্ত একটি টিনশেড বাড়ি থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতনামা ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। বুধবার দিবাগত রাতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম জানান, খবর পেয়ে বুধবার দিবাগত রাতে নাসিরাবাদ টেকপাড়া একটি পরিত্যক্ত টিনশেড বাড়ির রান্না ঘর থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে হয়।
অজ্ঞাতনামা ৫০ বছরের ওই নারীর পরনে ছিল বোরকা। এরপর ঘটনাস্থলে আলামত সংগ্রহের জন্য পুলিশের ক্রাইমসিন ও সিআইডি সদস্যরা যান। তারা ওই নারীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেন।
এরপর আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়। এখন পর্যন্ত ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। বিস্তারিত তদন্ত চলছে।
