কোনো ওয়েবসাইটের অ্যাড্রেসবারে যেভাবে এখন ইউআরএল দেখা যায়, গুগল ক্রোমের পরবর্তী আপডেটে সেভাবে আর দেখা যাবে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, অক্টোবরে ক্রোম ৮৬ প্রকাশিত হলে সম্পূর্ণ ইউআরএল-এর পরিবর্তে শুধু সাইটের ডোমেইন দেখা যাবে।
গুগল জানিয়েছে, ভুয়া সাইটের হাত থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে গুগল এই পরিবর্তন আনছে।
অনেক ওয়েবসাইট আসলের চেহারা নিয়ে প্রতারণা করে। কিন্তু ক্লিক করলে দেখা যায়, সেটি অন্য ডোমেইনে হোস্ট করা।
আরও পড়ুন: ফিশিংয়ে যেভাবে সর্বনাশ হয় আপনার
ইউআরএল যখন লম্বা হয়, তখন ফিশিং সাইটের পার্থক্য বোঝা যায় না।
গুগল জরিপ চালিয়ে দেখেছে, তাদের অর্ধেকেরও বেশি ব্যবহারকারী এভাবে প্রতারণার শিকার হয়।
কোম্পানিটির একজন মুখপাত্র বলেছেন, ‘ক্ষতিকর ওয়েবসাইট ব্যবহারের আগে মানুষ যেন বুঝতে পারে, সে কারণে আমরা এই পরিবর্তন আনার চেষ্টা করছি।’
পরিবর্তনটি আগামী সেপ্টেম্বরে দেখা যাবে ক্রোমের বেটা চ্যানেলে। ধীরে ধীরে সাধারণ ব্যবহারকারীরাও পাবেন।
এই আপডেট পেতে হলে গুগলের আপডেট আছে কি না, সেটি নিশ্চিত হতে হবে। এই লিংক থেকে ক্রোম বেটা ডাউনলোড করে এ বিষয়ে নিশ্চিত হতে পারেন।
নতুনভাবে যেমন দেখাবে ইউআরএল: https://www.deshrupantor.com/tech/2020/08/13/238428 এভাবে শো করার পরিবর্তে deshrupantor.com এভাবে দেখতে পাবেন।
