ফেইসবুকে অপপ্রচারের অভিযোগ

শ্রীপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২০, ০৮:১৩ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক আনোয়ার হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেইসবুকে অপপ্রচারের অভিযোগে গত বুধবার গভীর রাতে পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের ছাপিলাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেন ওই গ্রামের সুলতান উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার এসআই নাজমুল হক জানান, শ্রীপুর পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী সবুজ মিয়ার বিরুদ্ধে কিছুদিন ধরে ফেইসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালানোর কারণে সবুজ মিয়া আনোয়ার ও তানভীর আহম্মেদের বিরুদ্ধে ৩০ জুলাই শ্রীপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। বুধবার রাতে আনোয়ারকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামিকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গত ১৭ মার্চ শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা চিকিৎসা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আনোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়। প্রায় তিন মাস কারাভোগ শেষে জামিনে মুক্ত হয়ে বুধবার রাতে ফের আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত