স্থানীয় কর্মীদের সুরক্ষায় কয়েকটি সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। গত বৃহস্পতিবার রাতে দেশটির মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান এক বিবৃতিতে জানান, বেশ কিছু নিয়োগদাতার অনুরোধের প্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের যেসব নাগরিক বর্তমানে বৈধভাবে কাজের অনুমতি নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদের পুনরায় নিয়োগ পাওয়ার সুযোগ তৈরি হবে বলে জানিয়েছে রয়টার্স।
করোনাভাইরাস মহামারীর মধ্যে স্থানীয়দের কাজের সুযোগ নিশ্চিত করতে জুলাই মাসে নির্মাণ, কৃষি এবং খামার সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেয় মালয়েশিয়া সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জুলাই মাসে দেশটিতে ৬৭ হাজার স্থানীয় কর্মী এবং ৪ হাজার ৭০০ বিদেশি কর্মী কাজ হারায়।
বৃহস্পতিবার মালয়েশিয়ার সরকারি বিবৃতিতে বলা হয়, ‘তারপরও কিছু নিয়োগদাতা দাবি করছেন তাদের এখনো বহু বিদেশি কর্মী প্রয়োজন এবং তারা নতুন বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে নেওয়ার আবেদন করেছেন।’ তবে কর্মী চাহিদা পূরণের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে নিয়োগদাতাদের আহ্বান জানান মানবসম্পদ মন্ত্রী সারাভানান মুরুগান।
