জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গ্যালারি কসমসের আয়োজনে গত শুক্রবার থেকে শুরু হয়েছে ‘ব্রেভ হার্ট’ শীর্ষক ভার্চুয়াল আর্ট, ফটোগ্রাফি ও মাল্টিমিডিয়া প্রদর্শনী। দেশের ৪২ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে গ্যালারি কসমস আয়োজিত এ প্রদর্শনী http://www.gallerycosmos.org.bd সাইটে প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
এনায়েতুল্লাহ খানের সভাপতিত্বে শুক্রবার প্রদর্শনীর অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের ডেনভার বিশ্ববিদ্যালয়ের জোসেফ কর্বেল স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের অর্থনীতি বিভাগের অধ্যাপক হায়দার আলী খান।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে ভার্চুয়াল প্রদর্শনী আমাদের মনে করিয়ে দেয় যে আমরা বিশ্বজুড়ে মহামারির এ সংকটময় সময়েও শিল্পের মাধ্যমে একতাবদ্ধ হতে পারি।’
এনায়েতুল্লাহ খান বলেন, ‘ব্রেভ হার্ট শব্দটি ‘লায়ন হার্ট’র অর্থকে পুনর্নির্দেশ করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আমাদের দেশ ও জাতির জন্য সেই সিংহের প্রতীক। স্বাধীনতা অর্জনের মাত্র তিন বছরের মধ্যে তিনি সফলভাবে বাংলাদেশকে উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং সমগ্র বিশ্ব থেকে সম্মান অর্জন করেছিলেন।’
প্রদর্শনীতে অংশ নেয়া শিল্পীরা হলেন- এএইচ ঢালী তমাল, আবদুল গফফার বাবু, আবদুল্লাহ আল বশির, আফরোজা জামিল কনকা, আহমেদ শামসুদ্দোহা, অলকেশ ঘোষ, আলপ্তগীন তুষার, আমিরুল মোমেনিন চৌধুরী, অমিত নন্দী, আনিসুজ্জামান আনিস, অনুকুল চন্দ্র মজুমদার, আজমির হোসেন, আজমল হোসেন, বীরেন সোম, বিশ্বজিৎ গোস্বামী, ধীমান কুমার বিশ্বাস, দিলীপ কুমার কর্মকার, ফরহাদ হোসেন, হামিদুজ্জামান খান, ইকবাল বাহার চৌধুরী, জামাল আহমেদ, জয়ন্ত মণ্ডল, জয়ন্ত সরকার জন, কামরুজ্জোহা, কুহু কুহু প্লামন্দন, মানিক বনিক, মো. আজমল উদ্দিন, মো. জসিম উদ্দিন, নাজিব তারেক, নাসিম আহমেদ নাদভী, নাসির আলী মামুন, নাজিয়া আন্দালিব প্রিমা, নিসার হোসেন, প্রশান্ত কর্মকার, রত্নেশ্বর শুত্রধর, রুহুল করিম রুমী, শাহাবুদ্দিন আহমেদ, শাহজাহান আহমেদ বিকাশ, শেখ আফজাল হোসেন, সোহেল প্রাণন, সৌরভ চৌধুরী ও তাজুল ইসলাম।
