দলীয় কোন্দলে মোহনগঞ্জে আ. লীগের পৃথক কর্মসূচি

আপডেট : ১৬ আগস্ট ২০২০, ০১:৫২ এএম

দলীয় কোন্দলের কারণে পৃথকভাবে শোক দিবসের কর্মসূচি পালন করেছে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে গত শুক্রবার রাত থেকেই উপজেলা সভাপতি ও সম্পাদক এ দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলেও জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের ভূমিকায় অবশেষে শান্তিপূর্ণভাবে পৃথক পৃথক কর্মসূচি পালন করে দুটি পক্ষই। 

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নেওয়া কর্মসূচিতে শনিবার সকালে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। 

এ সময় শহর জুড়ে আলাদাভাবে পৃথক পৃথক শোক র‌্যালি করে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক এই দুই বলয় সৃষ্টি হওয়া দলের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ে আলাদা সময়ে পৃথক কর্মসূচি পালন করেন তারা। 

উল্লেখ্য গত ১৭ ফেব্রুয়ারি মোহনগঞ্জে বিমান পরিচালনা পর্ষদের চেয়াম্যান সাজ্জাদুল হাসানের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নেতাকর্মীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া, দলীয় শৃঙ্খলাভঙ্গসহ নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন ডেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনকে তার পদ থেকে অব্যাহতি দেন সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল ও তার পক্ষের নেতাকর্মীরা।

এর পরদিন সভাপতির পক্ষের নেতাকর্মীরা পাল্টা সংবাদ সম্মেলন ডেকে এ অব্যাহতির প্রতিবাদ জানিয়ে এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন। তখন থেকেই মূলত মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তখন থেকে সভাপতি আর দলীয় কার্যালয়ে যাননি। কিন্তু দীর্ঘদিন পর দলীয় কার্যালয়ে গিয়ে সভাপতির পক্ষ ১৪ আগস্ট রাতে শোক দিবসের কর্মসূচি পালনের ঘোষণা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। 

এরপর বিভিন্ন ধরনের উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করে প্রশাসন।
পরে দফায় দফায় আলোচনা করে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ও পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত