সেনাবাহিনীতে ‘আরও বেশি সময় দেবেন’ ধোনি

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৩:৫১ পিএম

অবসরোত্তর সময়ে কী করবেন মহেন্দ্র সিং ধোনি; এ নিয়ে শুরু হয়ে গেছে নানা আলোচনা। তবে আর দশজন ক্রিকেটারের মতো অচিরেই তাকে কোচিং বা ধারাভাষ্যে দেখা যাচ্ছে না। বরং ফের সেনা পোশাকে দেখা যাবে ক্যাপ্টেন কুলকে। এমনটিই জানিয়েছেন ধোনির ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক সহযোগী অরুণ পাণ্ডে।

রোববার অরুণ পাণ্ডে জানান, ধোনি যে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিতে চলেছেন তা তিনি জানতেন। কিন্তু স্বাধীনতা দিবসেই ধোনি যে অবসর গ্রহণের কথা ঘোষণা করবেন, সেটা তার জানা ছিল না।

এই সিদ্ধান্ত শুধুমাত্র ধোনির মনেই ছিল বলে দাবি অরুণ পাণ্ডের। করোনা মহামারির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ হবে বলে জানানো হয়েছে। আইপিএল ও টি-টোয়েন্টি পিছিয়ে যাওয়ায় মানসিকভাবে চাপমুক্ত হতেই ধোনির অবসর গ্রহণের কথা ঘোষণা করে দিলেন বলে মনে করছেন অরুণ পাণ্ডে।

ভারতকে টি-টোয়েন্টি, ওয়ানডে ও চ্যাম্পিয়নস লিগ জেতানো ধোনির অবসর গ্রহণের বিষয়ে অরুণ পাণ্ডে আরও বলেন, “১৫ আগস্ট দেশের সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ধোনি নিশ্চয় অবসরের পর সেনার সঙ্গে সময় কাটানোর বিষয়েও ভেবে রেখেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যাওয়াতেই এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে ও।”

ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল পদে আছেন মহেন্দ্র সিং ধোনি। ২০১৯-এর ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে ভারতের পরাজয়ের পরে এক মাসেরও বেশি সময় ধরে ভারতীয় সেনার প্যারাস্যুট রেজিমেন্টে প্রশিক্ষণ নেন তিনি।

ধোনির ভবিষ্যতের পরিকল্পনা করতে শিগগিরই তার একসঙ্গে বসবেন বলে জানিয়েছেন অরুণ পাণ্ডে। এবার নিজের বাণিজ্যিক কর্মকাণ্ডে মনযোগ দেওয়ার পাশাপাশি ধোনি যে ভারতীয় সেনার সঙ্গেও আরও বেশি সময় কাটাবেন, তা নিশ্চিত বলে জানিয়েছেন তিনি।

“ধোনি আর যাই করুন না কেন সেনাবাহিনীর সঙ্গে পরবর্তীতে যে আরও বেশি করে সময় কাটাবেন সেটা নিশ্চিত”- বলেন অরুণ পাণ্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত