বেরোবি ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ, শিক্ষার্থীদের প্রবেশে বাধা

আপডেট : ১৭ আগস্ট ২০২০, ০৯:০২ পিএম

করোনার ছুটি চলাকালে বহিরাগতরা ক্যাম্পাসের ভেতরে অবাধে বিচরণ করলেও নিজ ক্যাম্পাসে ঢুকতে পারছেন না বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ঢুকতে না পারা শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছেন তারা।

শিক্ষার্থীরা জানান, করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাসে ক্যাম্পাস বন্ধ হলে অনেকেই বইপত্র না নিয়েই বাড়িতে চলে যান। এমনকি অনেকে নিজ পরিধানের কাপড় পর্যন্ত নেননি। তাই কাপড় ও বইপত্র নিতে ক্যাম্পাসে গেলে প্রবেশ করতে দেননি প্রহরারত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

এ সময় অনেকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র দেখালেও তাদের ঢুকতে দেওয়া হয়নি। তারা আরও জানান, প্রবেশ করতে চাইলে তাদের কোনো শিক্ষকের রেফারেন্স নিতে বলা হয়। অথচ বাধা ছাড়াই ক্যাম্পাসে প্রবেশ করছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় ও ঘুরতে আসা লোকজন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল মোমিন তার ফেইসবুক পোস্টে লেখেন, ৮ আগস্ট ক্যাম্পাসে সাধারণ জনগণের অবাধ প্রবেশ দেখে আমিও ঢুকতে গেলে প্রহরী কর্তৃক বাধাপ্রাপ্ত হই। এ সময় আমি বিশ^বিদ্যালয়ের আইডি কার্ড দেখালেও তাতে কোনো লাভ হয়নি। শিক্ষার্থীদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না–এমন কথা জিজ্ঞাসা করলে শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা আছে বলে প্রহরীরা জানিয়েছেন। কোনো স্যারের রেফারেন্স ছাড়া ক্যাম্পাসে কোনো শিক্ষার্থী  প্রবেশ করতে পারবেন না বলে জানান তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ ফেইসবুকে লেখেন, স্বাস্থ্যবিধি মেনে ও আইডি কার্ড দেখানোর পরও যদি শিক্ষার্থীরা নিজ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে না পারেন, তাহলে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন কীভাবে? শিক্ষক, কর্মকর্তা ডর্মিটরিতে (আবাসিক ভবনে) থাকেন কীভাবে? দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করুন। নাকি এটাও আন্দোলন করে আদায় করতে হবে?

এ বিষয়ে প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে নিরাপত্তার স্বার্থে গেটে প্রহরারত আনসারদের বলে দেওয়া আছে কোনো শিক্ষার্থী প্রবেশ করতে চাইলে তারা (আনসাররা) প্রক্টরিয়াল বডির সঙ্গে ফোনে অনুমতি নিয়ে যেন প্রবেশ করতে দেয়।’

বহিরাগতদের প্রবেশের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘সাধারণ জনগণের মধ্যে কেউ প্রবেশ করছে না। প্রবেশ করলেও অবশ্যই কারও না কারও অনুমতি নিয়ে প্রবেশ করছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত