হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মমিনুল হক সাঈদকে।
রবিবার পাঁচ সহ-সভাপতির সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেন ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
গত বছর দেশে আলোড়ন সৃষ্টি করা ক্যাসিনোবিরোধী অভিযানের পর থেকেই আত্মগোপনে ছিলেন সাঈদ। বিগত সাত মাস ফেডারেশনে অনুপস্থিতি, সর্বোচ্চ তিনটি নির্বাহী সভায় অনুপস্থিত থাকা, নির্বাহী দায়িত্ব পালন না করা, অনুপস্থিতির কারণ ও নিজের বর্তমান অবস্থান জানাতে না পারার অভিযোগে পদটি খোয়াতে হলো তাকে।
গত বছর সাবেক হকি তারকা আবদুস সাদেককে হারিয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাঈদ।
ফেডারেশনের সহ-সভাপতি সাজেদ এ এ আদেল বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির এখতিয়ার আছে সহ-সভাপতিদের নিয়ে সভা করার। রবিবার সেই সভা করে গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদক পদ থেকে তাকে (সাঈদ) অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি লিখিত আকারে সাঈদের ঢাকার ঠিকানায় পাঠানো হয়েছে এবং জাতীয় ক্রীড়া পরিষদকে এর অনুলিপি দেওয়া হয়েছে।’
সাধারণ সম্পাদকের শূন্য পদে নতুন করে নির্বাচন হবে কি-না, তা এখনই বলতে পারছেন না সাজেদ আদেল, ‘আসলে এ রকম পরিস্থিতি আগে কখনো হয়নি। বিষয়টি সুরাহা করবে জাতীয় ক্রীড়া পরিষদ। তার আগে পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে প্রথম যুগ্ম সম্পাদক দায়িত্ব পালন করবেন।
