ভারতে চীনা দ্রব্য বাতিলের জেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্পনসরশিপ থেকে সরে আসে ভিভো। এরপর মঙ্গলবার আইপিএল ২০২০- এর টাইটেল স্পনসর খুঁজে নিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবারের আইপিএলের স্পনসর হচ্ছে গেমিং প্ল্যাটফর্ম ড্রিম ইলেভেন।
আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেলের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ‘২২২ কোটির রুপির বিনিময়ে নিলামে আইপিএল ২০২০ এর স্পনসরের স্বত্ব কিনেছে ডিম ইলেভেন।’
অর্থাৎ টাইটেল স্পনসরশিপ থেকে এ বছর প্রায় ৫০ শতাংশ আয় হারাচ্ছে ভারতীয় বোর্ড। ভিভোর সঙ্গে যাদের চুক্তি ছিল ৪৪০ কোটি রুপি।
আইপিএল স্পনসর স্বত্ব কিনে নিতে লড়াইয়ে ছিল বেশ কিছু প্রতিষ্ঠান। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে বাইজু’স ২১০ কোটি দর দিয়েছিল। আনঅ্যাকাডেমি যারা ১৭০ কোটি দর দেয়। টাটা গ্রুপও ছিল লড়াইয়ে। সবাইকে টেক্কা দিয়ে ২২২ কোটি দিয়ে স্বত্ব কিনে নেয় ড্রিম ইলেভেন।
করোনার জেরে এবার আইপিএল হবে সংযুক্ত আরব আমিরাতে। ১৯ সেপ্টেম্বর শুরু হবে এবারের আসর।
