১৬ শর্তে খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো

আপডেট : ২০ আগস্ট ২০২০, ০৫:০২ এএম

চলমান করোনা পরিস্থিতিতে টানা পাঁচ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হচ্ছে চট্টগ্রামের বিনোদনকেন্দ্রগুলো। ১৬ শর্তে ২২ আগস্ট থেকে সব বিনোদনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

জেলা প্রশাসক জানান, বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, বিনোদনকেন্দ্রগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে ১৬টি শর্ত দেওয়া হবে। এর মধ্যে থাকছে দর্শকদের সার্বক্ষণিক মাস্ক পরিধান করা, সামাজিক দূরত্ব নিশ্চিত করা, রেস্টুরেন্টগুলো খোলা থাকলেও ভেতরে কাস্টমার না বসানো, বিনোদনকেন্দ্রগুলোর প্রবেশ মুখে হ্যান্ড ওয়াশ ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখা ইত্যাদি। এসব বিষয়ে বৃহস্পতিবার পত্রিকায় গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানান তিনি।

নগরীর অন্যতম প্রধান বিনোদনকেন্দ্র ফয়’স লেক কনকর্ড এমিউজমেন্ট পার্কের উপব্যবস্থাপক (বিপণন) বিশ^জিত ঘোষ দেশ রূপান্তরকে বলেন, ২২ আগস্ট থেকে পার্ক খুলে দেওয়ার ব্যাপারে তারা পুরোপুরি প্রস্তুত। তিনি জানান, করোনাকালে পার্কের রাইডগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজ চলেছে। এত দিন পার্ক বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগ ছুটিতে বাড়ি চলে গেলেও স্বল্প সময়ের নোটিসে তারা কাজে যোগ দিতে পারবেন।

করোনা পরিস্থিতির কারণে গত মার্চে জেলা প্রশাসন চট্টগ্রামের সব সরকারি-বেসরকারি বিনোদনকেন্দ্রে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করে। এরপর থেকে পাঁচ মাস নগরীর সবগুলো বিনোদনকেন্দ্র বন্ধ থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত