ইংলিশ প্রিমিয়ার লিগ: উদ্বোধনী ম্যাচে লিভারপুলের সামনে লিডস

আপডেট : ২১ আগস্ট ২০২০, ১২:৪০ এএম

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রবিবার। এই ম্যাচ দিয়েই ইউরোপীয় ফুটবলে ২০১৯-২০ মৌসুম শেষ হচ্ছে। সেই ম্যাচের আগেই ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুমের সূচি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন মৌসুমের প্রিমিয়ার লিগ। শেষ হবে ২৩ মে। আসরের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল।

করোনা সংকট কাটিয়ে মে মাস থেকে ফুটবল ফের মাঠে গড়ায়। বুন্দেসলিগা দিয়ে কভিড পরবর্তী ফুটবল শুরুর পর একে একে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরি আ মাঠে গড়ায়। এরপর লিগগুলো শেষও হয়েছে। এখন সবগুলো লিগের নতুন আসর শুরুর অপেক্ষা।

কভিড পরবর্তী পরিস্থিতি বিশ্বজুড়ে সর্বত্রই এখন ফাঁকা মাঠে খেলা হচ্ছে। সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের নতুন মৌসুমেও ফাঁকা মাঠেই খেলা হবে।

১২ সেপ্টেম্বর লিভারপুল বনাম লিডস ইউনাইটেডের পাশাপাশি লিগ শুরুর দিনে রয়েছে আরো ৫ ম্যাচ। যার মধ্যে আর্সেনালের বিপক্ষে খেলবে ফুলহ্যাম, টটেনহ্যামের বিপক্ষে মাঠে নামবে এভারটন। চেলসি মাঠে নামবে দুদিন পর।

প্রথম সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ নেই। সিটির চ্যাম্পিয়ন্স লিগ আর ইউনাইটেডের ইউরোপা লিগের মিশন শেষ হওয়ার পর তাদের পর্যাপ্ত বিশ্রাম দিতে এই সিদ্ধান্ত হয়েছে।

এমনিতে প্রথম সপ্তাহে বার্নলির প্রতিপক্ষ ছিল ইউনাইটেড আর ম্যানসিটির খেলার কথা ছিল অ্যাস্টন ভিলার সঙ্গে। ম্যাচ দুটি পিছিয়ে দেওয়া হলেও ইপিএল কর্তৃপক্ষ অবশ্য সেই ম্যাচগুলোর তারিখ জানায়নি।

নির্ধারিত সূচি মেনে দ্বিতীয় সপ্তাহে সিটি ও ইউনাইটেড ১৯ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত